বিশেষ প্রতিনিধি, nipon।।
হামের টিকা শিশুদের না পাওয়ার ঘটনাটি কেন ঘটেছে, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শিশু মৃত্যু ঘটাতে চায় এমন কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলে আমি মনে করি। তবে কেন এ টিকা না দেওয়ার ঘটনাটি ঘটলো, সেটি অবশ্যই খতিয়ে দেখা দরকার। আমি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তদন্ত করা হবে।
সরকারের টিকাদান কার্যক্রম সম্পর্কে তিনি জানান, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ কোটি ৬১ লাখ শিশু ইতোমধ্যে টিকা পেয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনের মধ্যে শতভাগ লক্ষ্য অর্জন সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
হাফিজ/ আয়না নিউজ