বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫২৪ শিশুর মধ্যে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে ২ জন এবং বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে।
এর আগে বুধবার (৬ মে) দেশে হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩২৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম ধরা পড়েছে। একই সময়ে আরও ১ হাজার ২৩৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৪৫ হাজার ৪৯৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এদের মধ্যে ৬ হাজার ২০৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩১ হাজার ৯১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৮ হাজার ২৩৮ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
হাফিজ/ আয়না নিউজ