বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩৫ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ৩ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।
নিশ্চিত হামে মারা যাওয়া তিন শিশুই বরিশাল বিভাগের। অন্যদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ শিশুর মধ্যে ৩ জন ঢাকা, ২ জন খুলনা এবং ১ জন সিলেট বিভাগের।
এ ছাড়া একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩৫ শিশুর মধ্যে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ৪৮৯ জনের ক্ষেত্রে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে আরও ২৯১ শিশুর মৃত্যু হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ