বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করলো বসুন্ধরা কিংস। আজ শুক্রবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তারা।
ম্যাচে দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে কিংস। ৭৫ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম বক্সে ঢুকলে তাকে ফাউল করেন আবাহনীর এক ডিফেন্ডার। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন।
এর মাত্র দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে বসুন্ধরা কিংস। বক্সের মাথায় বল পেয়ে সোহেল রানার জোরালো শট জালে জড়ালে নিশ্চিত হয়ে যায় ম্যাচের ফল।
লিগের গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় পাওয়ার ফলে ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করে কিংস। এক ম্যাচ হাতে রেখেই ট্রফি ঘরে তোলার সুযোগ পায় দলটি।
২০১৮ সালে শীর্ষ লিগে যোগ দেওয়ার পর বসুন্ধরা কিংস টানা পাঁচবার শিরোপা জিতে আধিপত্য বিস্তার করেছিল। গত মৌসুমে সেই ধারায় ছেদ ঘটিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এবার আবারও শিরোপা ফিরে পেল কিংস।
অন্যদিকে আবাহনীর জন্য এটি আবারও হতাশার মৌসুম হয়ে রইল। ফেডারেশন কাপের পর লিগেও শিরোপা দৌড় থেকে ছিটকে পড়ল ঐতিহ্যবাহী এই ক্লাবটি।
হাফিজ/ আয়না নিউজ