বিশেষ প্রতিনিধি, nipon।।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য পরিষদ’-এর ভিপি (সহসভাপতি) প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মাহিমা আক্তারকে হেনস্তা ও পরে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। যদিও পরবর্তীতে পুলিশ তাকে ছেড়ে দেয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। মাহিমা আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, মাহিমা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলেন। এ সময় হিজাব ও নিকাব পরিহিত অবস্থায় তাকে পরিচয় জানতে চেয়ে নিকাব ও মাস্ক খুলতে বলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।
ভুক্তভোগী মাহিমা আক্তার বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করছিলাম। তখন ছাত্রদলের কয়েকজন এসে আমাকে হেনস্তা করে। আমার সঙ্গে একজন আত্মীয় ছিলেন। হিজাব পরিহিত থাকার কারণে আমাকে হিজাব ও মাস্ক খুলতে বলা হয়।”
এ ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে পুলিশের একটি কাভার্ড ভ্যান ঘটনাস্থলে এলে ছাত্রদলের নেতাকর্মীরা সেটি আটকে সামনে অবস্থান নেন।
এ বিষয়ে ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, “মাহিমা আমার স্ত্রী এবং এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। তিনি ক্যাম্পাসের বাইরে আমাদের প্যানেলের হয়ে কাজ করছিলেন। সকাল থেকেই ছাত্রদল গেটের বাইরে ধাক্কাধাক্কি করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।”
তিনি আরও বলেন, “মাহিমাকে ঘিরে একটি ‘মব’ তৈরি করা হয়, যা কোনোভাবেই কাম্য নয়।”
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “বিষয়টি নজরে আসার পর আমরা তাৎক্ষণিকভাবে সমাধান করেছি।”
উল্লেখ্য, কয়েক দফা পিছিয়ে অবশেষে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও তা শুরু হয় সকাল ৯টায়। বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ শেষে ছয়টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।
জকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ এবং বামপন্থী মওলানা ভাসানী ব্রিগেডসহ একাধিক প্যানেল অংশ নিচ্ছে।