| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ১৪ পদের ১৩টিতে বিএনপির জয়

  • আপডেট টাইম: 15-05-2026 ইং
  • 298 বার পঠিত
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ১৪ পদের ১৩টিতে বিএনপির জয়

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল। ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টি পদেই জয় পেয়েছেন বিএনপিপন্থি প্রার্থীরা। বাকি একটি সদস্য পদে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী।

সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন দুই হাজার ৯৮৪ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির যুগ্ম মহাসচিব। সম্পাদক পদে দুই হাজার ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আইনজীবী মোহাম্মদ আলী।

সমিতির দুই দিনব্যাপী বার্ষিক নির্বাচন ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বুধবার রাত ১০টার দিকে ভোট গণনা শুরু হয়। গণনা শেষে বৃহস্পতিবার রাত ২টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচন পরিচালনা–সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক, জ্যেষ্ঠ আইনজীবী ও অবসরপ্রাপ্ত বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহ-সভাপতির দুটি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছেন মো. জিয়াউর রহমান। সহ-সম্পাদকের দুটি পদে নির্বাচিত হয়েছেন মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।

কার্যনির্বাহী কমিটির সাতটি সদস্য পদের মধ্যে ছয়টি পেয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল। বিজয়ীরা হলেন—এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, ওয়াহিদ আফরোজ চৌধুরী, মো. কবির হোসেন, মো. জিয়া উদ্দিন মিয়া ও মো. টিপু সুলতান। অপর একটি সদস্য পদে জয়ী হয়েছেন জামায়াত সমর্থিত সবুজ প্যানেলের আজিম উদ্দিন পাটোয়ারী।

এবারের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১১ হাজার ৯৭ জন ভোটারের মধ্যে ভোট দেন ৪ হাজার ৪৮ জন আইনজীবী।

নির্বাচনে বিএনপি, জামায়াত ও এনসিপি সমর্থিত তিনটি প্যানেল অংশ নিলেও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। যদিও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নেন।

গত ২৬ এপ্রিল সমিতির সাধারণ সদস্যদের এক বিশেষ সাধারণ সভায় (ইজিএম) দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও বেআইনি বলে দাবি করেছেন।

সমিতির ইতিহাসে এবারই প্রথম আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল নির্বাচনে অংশ নিতে পারেনি।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪