রাজশাহীর দুর্গাপুরে প্রাইভেট কারের গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা চুরির ঘটনায় মাহফুজ আহম্মেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার সহ টাকা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত সোয়া ১টায় উপজেলার শ্রীধরপুর গ্রামসংলগ্ন পাচুবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহফুজ আহম্মেদ দুর্গাপুর উপজেলার গোপিনাথপুর খাঁস খামার গ্রামের বাসিন্দা।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ভুক্তভোগী জাহাঙ্গীর আলম দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবং তিনি মাছ চাষের ব্যবসার সঙ্গেও জড়িত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দুর্গাপুর জনতা ব্যাংক শাখা থেকে তিনি ১২ লাখ টাকা উত্তোলন করে দুপুর সোয়া ১টায় বাড়ির নিচতলার গ্যারেজে গাড়ির ভেতরে টাকাগুলো রেখে গাড়িতে তালা লাগিয়ে চলে যান। তার বাড়িতে নির্মাণকাজ চলায় দুপুর পৌনে ৩টায় তিনি নিচে নেমে এসে দেখতে পান,গাড়ির বাম পাশের দরজার গ্লাস ভাঙা এবং গাড়ির ভেতরে রাখা টাকাগুলো নেই।
আরও পড়ুন-
নাটোরে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
এ ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করলে মামলার পরপরই পুলিশের অভিযানে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টায় পাচুবাড়ি বাজার এলাকা থেকে মাহফুজ আহম্মেদকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর আলমের বাড়ির সিঁড়ির নিচে সিমেন্টের বস্তার ভেতরে রাখা একটি শপিং ব্যাগ থেকে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। গ্রেফতার মাহফুজ আহম্মেদকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এফ এ/আয়না