| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ: সাবেক সেলসম্যান গ্রেফতার

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 437 বার পঠিত
৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ: সাবেক সেলসম্যান গ্রেফতার

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের একটি জুয়েলারি প্রতিষ্ঠান থেকে প্রায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাতের ঘটনায় প্রতিষ্ঠানের সাবেক এক সেলসম্যানকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতারকৃত ব্যক্তি কৃষ্ণ বসাক ওরফে স্বপন বশাক (৪৭)। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাসিন্দা। বুধবার (১৩ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিআইডি জানায়, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে অবস্থিত একটি জুয়েলারি প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন স্বপন বশাক। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানের আরও কয়েকজন কর্মচারীর সহযোগিতায় দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ স্বর্ণ আত্মসাৎ করা হয়। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে স্টক যাচাইয়ে প্রায় ৭ হাজার ৫৫০ ভরি স্বর্ণালঙ্কারের হিসাব পাওয়া যায়নি। যার আনুমানিক বাজারমূল্য ৯৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, দায়িত্বে থাকা অবস্থায় স্বপন বশাক সহযোগীদের সঙ্গে যোগসাজশে এসব স্বর্ণ আত্মসাৎ করেন। পরে আত্মসাৎ করা অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়। তিনি একটি জুয়েলারি ব্যবসায় অংশীদার হন এবং ফ্ল্যাট, গাড়ি ও পুঁজিবাজারেও বিনিয়োগ করেন বলে তথ্য পেয়েছে সিআইডি।

সিআইডির তথ্যমতে, মাসিক ১০ থেকে ১৫ হাজার টাকা বেতনের চাকরি করলেও তার নামে বিপুল সম্পদের সন্ধান মিলেছে। তদন্তে প্রায় ৩৩ লাখ টাকা বিনিয়োগে একটি জুয়েলারি প্রতিষ্ঠানের মালিকানা, ৪৪ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের একটি ফ্ল্যাট ও কার পার্কিং, পুঁজিবাজারে ১৬ লাখ ৭৮ হাজার ২৯৩ টাকার শেয়ার এবং আয়কর নথিতে ৫০ ভরি স্বর্ণের তথ্য পাওয়া গেছে।

এছাড়া তার ব্যাংক হিসাবেও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে সিআইডি।

আত্মসাৎ হওয়া স্বর্ণ উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে গ্রেফতারকৃতকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডির ঢাকা মেট্রো পশ্চিম বিভাগ। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার ও সম্পদের উৎস অনুসন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪