| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 630 বার পঠিত
সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর-এর কাংপোকপি জেলায় ভয়াবহ সশস্ত্র হামলায় তিনজন বিশিষ্ট চার্চ নেতা নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) সংঘটিত এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। হামলার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করা হয়েছে ২ নম্বর জাতীয় সড়কে।

নিহতরা হলেন থাডৌ ব্যাপটিস্ট অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতা রেভারেন্ড ভি সিতলহাউ, রেভারেন্ড ভি কাইগোলুন এবং যাজক পাওগোলেন। আহতদের মধ্যে রয়েছেন রেভারেন্ড এস এম হাওপু ও রেভারেন্ড হেকাই সিমতে। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, হতাহতরা চুরাচাঁদপুর জেলার লামকা এলাকায় অনুষ্ঠিত থাডৌ ব্যাপটিস্ট অ্যাসোসিয়েশনের সম্মেলন শেষে দুটি গাড়িতে করে কাংপোকপিতে ফিরছিলেন। পথে ওঁত পেতে থাকা অজ্ঞাত বন্দুকধারীরা তাদের বহরে অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি গুলিবর্ষণে ঘটনাস্থলেই প্রাণহানি ঘটে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মণিপুরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ২ নম্বর জাতীয় মহাসড়ক অবরোধ করেন। পাশাপাশি কুকি স্টুডেন্টস অর্গানাইজেশন বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। সংগঠনটি হামলাকে ‘নৃশংস ও কাপুরুষোচিত’ বলে উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার অভিযোগ তুলেছে। তবে জরুরি চিকিৎসা সেবা, সংবাদমাধ্যম ও ধর্মীয় অনুষ্ঠান ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে।

এদিকে কুকি ইনপি মণিপুর এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি বলেছে, নিহত রেভারেন্ড ভি সিতলহাউ সম্প্রতি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নাগাল্যান্ড জয়েন্ট ক্রিশ্চিয়ান ফোরামের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন। ফলে তার ওপর হামলাকে চলমান শান্তি প্রচেষ্টার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখা হচ্ছে।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন থাডৌ নেতা ও বিজেপি মুখপাত্র মাইকেল লামজাথাং থাডৌ। হামলার পর পুরো অঞ্চলে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

সূত্র: এনডিটিভি

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪