২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী ও তারকাবহুল দল নিয়ে প্রস্তুতি শুরু করেছে নিউজিল্যান্ড জাতীয় ফুটবল দল। দীর্ঘ সময় পর বিশ্বমঞ্চে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে আত্মবিশ্বাসী কিউইরা। অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে গড়া দল নিয়ে এবার বড় স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপকে সামনে রেখে ঘোষিত এই স্কোয়াডে অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের সমন্বয় ঘটানো হয়েছে। দলের নেতৃত্বে থাকছেন অধিনায়ক ও তারকা স্ট্রাইকার ক্রিস উড। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা অন্যতম সফল কিউই ফুটবলার হিসেবে তার ওপরই সবচেয়ে বেশি ভরসা করছে দলটি।
নিউজিল্যান্ড এর আগে ১৯৮২ ও ২০১০ বিশ্বকাপে অংশ নিলেও গ্রুপ পর্ব পেরোতে পারেনি। তবে এবার শক্তিশালী স্কোয়াড নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে জয় পাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় কিউইরা।
দলের রক্ষণভাগে আছেন তরুণ ডিফেন্ডার নটিংহ্যাম ফরেস্টের টাইলার বিনডন এবং সোয়ানসি সিটির মার্কো স্টামেনিচের মতো প্রতিভাবান খেলোয়াড়রা মাঝমাঠ ও রক্ষণভাগে বড় ভূমিকা রাখবেন।
নিউজিল্যান্ডের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন ম্যাক্স ক্রোকম্বে, অ্যালেক্স পলসেন ও মাইকেল উড। রক্ষণভাগে রয়েছেন টিম পেইন, ফ্রান্সিস ডি ভ্রিস, টাইলার বিনডন, মাইকেল বক্সাল, লিবারেটো কাকাচ, নান্দো পিজনাকার, ফিন সুরমান, ক্যালান এলিয়ট ও টমি স্মিথ। মাঝমাঠে আছেন জো বেল, মার্কো স্টামেনিচ, অ্যালেক্স রুফার, রায়ান টমাস ও লাচলান বেলিস। আর আক্রমণভাগে থাকছেন ম্যাট গারবেট, ক্রিস উড, সারপ্রীত সিং, ইলি জাস্ট, কোস্তা বারবারুসেস, বেন ওয়েন, বেন ওল্ড, ক্যালাম ম্যাককওয়াট ও জেসি র্যান্ডাল।
আসন্ন বিশ্বকাপে নিজেদের সেরাটা দিয়ে ইতিহাস গড়তে মুখিয়ে রয়েছে নিউজিল্যান্ড শিবির।
হাফিজ/ আয়না নিউজ