ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসএসসি ভোকেশনাল পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র উদ্ধার করে থানায় জমা দেওয়া হয়েছে। নরসিংদীর শিবপুর উপজেলায় উদ্ধার হওয়া এ খাতাগুলো অক্ষত ও সিলগালা অবস্থায় থাকায় বড় ধরনের সমস্যা হয়নি বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে স্থানীয় এক যুবক খাতাগুলো শিবপুর মডেল থানায় জমা দিয়েছেবলে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন।
মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও গ্রামের বাসিন্দা রাহিম মিয়া গত রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ব্রিজের কাছে রাস্তার ধারে তিনটি বড় প্যাকেট পড়ে থাকতে দেখে কৌতূহলবশত তিনি প্যাকেটগুলো বাড়িতে নিয়ে যান। পরদিন প্রতিবেশীর সহায়তায় জানতে পারেন, সেগুলো চলতি বছরের এসএসসি ভোকেশনাল পরীক্ষার উত্তরপত্র। মঙ্গলবার সকালে তিনি খাতাগুলো শিবপুর মডেল থানায় জমা দেন।
আরও পড়ুন-
গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত এসএসসি ভোকেশনাল ইংরেজি দ্বিতীয়পত্রের সিলগালা করা তিনটি প্যাকেটে মোট ২৬৮টি খাতা ছিল।খাতাগুলো নরসিংদীর মনোহরদী এবং গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পরীক্ষার্থীদের। ডাক বিভাগের রানারের মাধ্যমে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে স্থানান্তরের সময় অসাবধানতাবশত ভ্যানগাড়ি থেকে খাতাগুলো রাস্তায় পড়ে গেছে বলে ধারনা করা হচ্ছে।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন এবং শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে খাতাগুলো সম্পূর্ণ অক্ষত ও সিলগালা অবস্থায় উদ্ধার হওয়ায় বড় ধরনের অনিয়ম বা জটিলতা সৃষ্টি হয়নি জানিয়ে সেগুলো পুনরায় সিলগালা করে শিবপুর উপজেলা পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে।
এফএ/আয়না