| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদাবাজদের ছাড়িয়ে নেয়ার সংবাদ শেয়ার করায় কুপিয়ে জখম

  • আপডেট টাইম: 15-05-2026 ইং
  • 134 বার পঠিত
চাঁদাবাজদের ছাড়িয়ে নেয়ার সংবাদ শেয়ার করায় কুপিয়ে জখম

ফরিদপুরের ভাঙ্গায় চাঁদাবাজির অভিযোগে আটক দুই যুবককে থানা থেকে ছাড়িয়ে নেয়ার ঘটনায় প্রকাশিত সংবাদ ফেসবুকে শেয়ার করায় সাইদুর রহমান ওরফে মিঠু শিকদার (৪২) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত সাইদুর রহমান ওই এলাকার শাহজাহান শিকদারের ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বেও ছিলেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের জানান, সাইদুর রহমানের মাথা, পিঠ ও ডান পায়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে মাথায় গভীর আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

আহতের ছোট ভাই রাজু শিকদার অভিযোগ করেন, সোহান মুন্সি ও শোয়েব মোল্লা দীর্ঘদিন ধরে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজি ও প্রভাব বিস্তার করে আসছিলো। গত ১২ মে পুলিশ তাদের আটক করলেও পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা থানায় গিয়ে তাদের ছাড়িয়ে আনেন। এ ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সাইদুর রহমান ফেসবুকে শেয়ার করেছিলেন। এর জের ধরেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

রাজু শিকদার জানান, প্রথমে সন্ধ্যায় লাঠি ও হাতুড়ি দিয়ে সাইদুর রহমানকে মারধর করা হয়। পরে রাত ৯টার দিকে হাসপাতালে নেওয়ার পথে আবারও হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করা হয়।

চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত সোহান মুন্সি কাপুড়িয়া সদরদী এলাকার শাহী মুন্সির ছেলে এবং শোয়েব মোল্লা হোগলাডাঙ্গী সদরদী এলাকার লিয়াকত মোল্লার ছেলে। ঘটনার পর থেকে তারা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা বলেন, ঘটনাটি ন্যাক্কারজনক। হামলাকারীরা ঠিক করেনি। আমি ওসিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। অন্যায়ের সঙ্গে আমি নেই।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, এখনো থানায় লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, সংবাদ শেয়ার করাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে কিনা, সে বিষয়ে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, গত ১২ মে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সার্বিক পরিবহনের এক কর্মচারীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে সোহান মুন্সি ও শোয়েব মোল্লাকে আটক করে পুলিশ। পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা থানায় গিয়ে তাদের ছাড়িয়ে আনেন। এ সময় থানার ওসির কক্ষে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪