হাম নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাম প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রমে সরকারের কোনো ধরনের গাফিলতি নেই বলেও জানান তিনি।
শুক্রবার (১৫ মে) বিকেলে মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টিকাদান কর্মসূচি নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং হাম নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশে অল্প সময়ে বিশাল জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তবে সরকার এ চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মিত টিকাদান, সচেতনতা বৃদ্ধি এবং জরুরি চিকিৎসা সেবা জোরদার করেছে।
তিনি অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে বলেন, শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করতে হবে এবং হাম উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশজুড়ে নিয়মিত নজরদারি ও টিকাদান কার্যক্রম চলমান রয়েছে, যাতে হামজনিত জটিলতা ও মৃত্যুঝুঁকি কমানো যায়।
হাফিজ/ আয়না নিউজ