স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে ৯৮ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। বাকি ২ শতাংশ শিশুকেও দ্রুত টিকাদানের আওতায় আনতে সরকার কাজ করছে।
বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চীনের দূতাবাস ও চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান দেয়।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী জুন মাস থেকে দুই ধাপে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, বর্তমানে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের কিছু ঘাটতি রয়েছে। তবে জুনের মধ্যেই এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করছে সরকার।
আরও পড়ুন :
৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও'র টিকা দিল চীনের সিনোভ্যক
হাম পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের কাছে পর্যাপ্ত হামের টিকা মজুত রয়েছে এবং টিকাদান কার্যক্রম অব্যাহত আছে।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীত সরকারগুলোর সময়ে কেন পর্যাপ্ত হামের টিকা দেওয়া হয়নি, তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে।
হাফিজ/ আয়না নিউজ