বাংলাদেশ সরকারের টিকাদান কর্মসূচিকে আরও গতিশীল ও কার্যকর করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮০ হাজার ডোজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত পোলিও ভ্যাকসিন অনুদান দিয়েছে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন।
বুধবার (১৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ভ্যাকসিন হস্তান্তর করা হয়।
অনুদান হিসেবে দেওয়া ভ্যাকসিনের নাম ‘Poliomyelitis Vaccine (Vero Cell, Inactivated Sabin Strains) (sIPV)’। মোট ৩ লাখ ৮০ হাজার ডোজের এই চালানে রয়েছে ৭৬ হাজার ভায়াল ভ্যাকসিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে ভ্যাকসিন গ্রহণ করেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং Sinovac Biotech Ltd.–এর উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কার্যক্রমকে শক্তিশালী করতে এবং শিশুদের পোলিও প্রতিরোধে এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হাফিজ/ আয়না নিউজ