হাম ও এর উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৫১৮ জন শিশু। বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ শিশুর এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৬৯ জন এবং নিশ্চিত হামে ৭০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত একদিনে হামে আক্রান্ত হয়ে ঢাকায় আরও একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৪৩৯ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন :
হামের পরিবর্তে শিশুকে জলাতঙ্কের ভ্যাকসিন পরিবারের ক্ষোভ
এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৫ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ৩৬৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৫৪ হাজার ৪১৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৭ হাজার ৩০৫ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৩৯ হাজার ১৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৪ হাজার ৯৬৮ জন ছাড়পত্র পেয়েছেন।
হাফিজ/ আয়না নিউজ