সাতক্ষীরা প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন অঞ্চলে মুসলমানদের ওপর নির্যাতন, হত্যা, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান এবং ধর্মীয় স্থাপনায় হামলার অভিযোগে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুর ২টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পরে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
সমাবেশে জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরার সভাপতি মাওলানা মো. আব্দুর রশিদ সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, পৌর সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, হাফেজ কারী সাঈদুর রহমান, মুফতি বাকি বিল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন হুজায়ফী এবং সদর উপজেলা ইমাম সমিতির সেক্রেটারি হাফেজ ওয়াহিদুজ্জামান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ভারতে মুসলমানদের ওপর কথিত নির্যাতন ও সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে। তারা এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোরও দাবি করেন।
এ সময় ভারতের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন অংশগ্রহণকারীরা।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ