ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতায় জুমার নামাজে পুলিশের বাধাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার ৯ ১৫ মে) নগরীর শহরের রাজাবাজার ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মুসল্লিদের সঙ্গে বাগবিতণ্ডা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। যার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত স্থানে জুমার নামাজ আদায়ের প্রস্তুতি চলাকালে পুলিশ সেখানে উপস্থিত হয়ে অনুমতি সংক্রান্ত বিষয় তুলে কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। এতে মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই সময় কিছু মুসল্লি পুলিশের নির্দেশনা উপেক্ষা করে রাস্তার ওপর নামাজ আদায়ের বিষয়ে অনড় থাকেন, যা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা উপস্থিত হন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয় বলে জানা গেছে। দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
হাফিজ/ আয়না নিউজ