পঞ্চগড় প্রতিনিধি: পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিলেঅ বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার ( ১৫ মে) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সোনাচান্দি এলাকায় নদীর বাঁধ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের অভিন্ন নদীগুলোর প্রবাহমানতা ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে আলোচনা চলছে। সরকার ইতোমধ্যে একনেকে পদ্মা ব্যারেজ প্রকল্প পাস করে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। একইভাবে ফারাক্কা চুক্তি নবায়নসহ অভিন্ন নদীগুলোর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে পার্শ্ববর্তী দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে।
তিনি আরও বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে এসব সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করি। নদীমাতৃক বাংলাদেশকে টিকিয়ে রাখতে নদী, খাল ও জলাশয় খনন, পুনঃখনন এবং পুনরুদ্ধার জরুরি। তা না হলে ভবিষ্যতে পানির সংকট ভয়াবহ আকার ধারণ করতে পারে।
পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, দেশের ৫৪টি নদী ভারতের সঙ্গে এবং তিনটি নদী মিয়ানমারের সঙ্গে যুক্ত। পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চলের প্রায় ২৪টি জেলা ও ১৬৩টি উপজেলায় নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র রায়, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ রায়, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রায় ১৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে করতোয়া নদীর ১১ দশমিক ৫০ মিটার বাঁধ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড।
বদরুদ্দোজা/ হাফিজ/ আয়না নিউজ