| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানবাহন চলাচল বন্ধ

  • আপডেট টাইম: 04-01-2026 ইং
  • 178354 বার পঠিত
ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানবাহন চলাচল বন্ধ

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ব্যস্ত ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ফার্মগেট ও আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার ( ৪ জানুয়ারি ) সকাল সোয়া ১০টার দিকে তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবস্থান নেন। এ সময় তারা ‘দাবি মোদের একটাই, সাকিবুল হাসান রানা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’ ও ‘সাকিব হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। প্রশাসনের গড়িমসির প্রতিবাদেই তারা ফার্মগেট ব্লকেড কর্মসূচি পালন করছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ঘটনার পর পুলিশ প্রথমে ৪৮ ঘণ্টা সময় চেয়েছিল। পরে আরও ৪৮ ঘণ্টা পার হলেও চিহ্নিত আসামিদের গ্রেপ্তার করা হয়নি। তাদের দাবি, রাজনৈতিক চাপের কারণে প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

ফারহান আহমেদ নামে এক শিক্ষার্থী বলেন, “এটি একটি সুস্পষ্ট হত্যাকাণ্ড হলেও তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজে আসামিদের স্পষ্টভাবে শনাক্ত করা গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমরা অধ্যক্ষের সঙ্গে কথা বলতে চাই এবং দাবি জানাই, যেন তিনি নাম প্রকাশ করে মামলা করেন। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”

এদিকে আন্দোলনের ঘোষণার পর তেজগাঁও কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কলেজের প্রধান ফটক, ফার্মগেটমুখী সড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত অবস্থায় উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানাকে আইসিইউতে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪