জ্বালানি সংকট মোকাবেলায় দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ ) সচিবালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যদিও এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে ছয় দিন ক্লাস চলবে—এর মধ্যে তিন দিন অনলাইনে এবং বাকি তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান করা হবে।
জানা গেছে, জোড় ও বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাস পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। নির্ধারিত দিনগুলোতে শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান করবেন, আর শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে ক্লাসে অংশ নেবে।
এর আগে সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প পদ্ধতিতে পাঠদান চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। অনলাইন ও অফলাইন পদ্ধতির সমন্বয়ে এই নতুন ব্যবস্থা চালু করা হবে বলে তিনি জানান।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের ফলে একদিকে জ্বালানি সাশ্রয় সম্ভব হবে, অন্যদিকে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতাও বজায় থাকবে।