| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশজুড়ে হাম প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

  • আপডেট টাইম: 03-04-2026 ইং
  • 75878 বার পঠিত
দেশজুড়ে হাম প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

দেশজুড়ে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি (অর্জিত ও নৈমিত্তিক) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন রুমীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার বাড়তি ঝুঁকি মোকাবিলা, নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং টিকাদান কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, স্বাস্থ্য অধিদপ্তর ও এর অধীনস্থ সকল প্রতিষ্ঠানে কর্মরত সব পর্যায়ের কর্মীদের ছুটি সাময়িকভাবে স্থগিত থাকবে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা গেছে, গত ১ এপ্রিল সকাল ৮টা থেকে ২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৮৫ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। এছাড়া, ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩,৭০৯ জনে।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৫৮৫ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২৬ জন।

হামজনিত জটিলতায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও উদ্বেগজনক হারে বেড়েছে। ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত নতুন করে ভর্তি হয়েছেন ২,৩৬৩ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৯৩০ জন।

সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১৩ জনের এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে আরও ২৭ জনের।

পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে সতর্ক থাকার পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার আহবান জানিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪