হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ার পর থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় চার শিশুর মৃত্যু পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, হামের উপসর্গ নিয়ে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। তবে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৪ জন। বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জনে। চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
হামে আক্রান্তদের বড় একটি অংশ শিশু, যারা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিতে রয়েছে। জ্বর, ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হওয়া এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে এসে জরুরি ভিত্তিতে চিকিৎসা নিতে হবে। হামে মৃত্যুঝুঁকি বৃদ্ধি পাওয়ায় হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার, আক্রান্তদের পৃথক রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে স্বাস্থ্য মন্ত্রনালয়।
এফএ / আয়না টিভি