শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিলো ১৪ রান। সমীকরণটা ছিল কঠিন, কিন্তু অসম্ভব নয়। তবে সেই চাপ সামলাতে পারেনি বাংলাদেশ নারী দল। শেষ পর্যন্ত ৩ রানের ব্যবধানে হেরে শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা।
বৃষ্টিবিঘ্নিত ৯ ওভারের এই সংক্ষিপ্ত ম্যাচে আগে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে ৬ উইকেটে ৮৭ রান। ইনিংসের শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ইমেশা দুলানি, যিনি মারুফা আক্তারের এক ওভারেই টানা চারটি চার মারেন। অন্য প্রান্তে ফারিহা তৃষ্ণার এক ওভারে আসে ১৬ রান।
বাংলাদেশ শুরুতে রান আটকে রাখতে ব্যর্থ হলেও পরে ঘুরে দাঁড়ায়। ৪৩ রানের ওপেনিং জুটি ভাঙেন সুলতানা খাতুন। এরপর মাত্র ৫৩ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। তবে চামারি আতাপাত্তু ও কাভিশা দিলহারির ঝড়ো ব্যাটিংয়ে শেষ দিকে আবারও চাপে পড়ে স্বাগতিকরা।
দুজন মিলে শেষ তিন ওভারে যোগ করেন ৩৪ রান। চামারি ২৭ বলে ৪১ এবং দিলহারি ৭ বলে ১৫ রানে আউট হন। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন নেন ৩টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দিলারা আক্তার প্রথম ওভারেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১২ রান তুলেন। তবে পরবর্তীতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
শেষের দিকে ম্যাচে ফিরে আসার চেষ্টা করলেও শেষ ওভারে চাপ সামলাতে পারেনি বাংলাদেশ। শেষ মুহূর্তের নাটকীয়তায় প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হয়ে ৬ উইকেটে ৮৪ রানে থামে ইনিংস।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন সোবহানা মোস্তারি। এছাড়া জুয়াইরিয়া ফেরদৌস ১৫ এবং নিগার সুলতানা ১৩ রান করেন।
এই হারে সিরিজে পুরোপুরি দাপট দেখিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা নারী দল।
হাফিজ/ আয়না নিউজ