ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াই আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ফুলহামকে ৩-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে আর্সেনাল। এই জয়ের ফলে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির চেয়ে ৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে মিকেল আর্তেতার দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্সেনাল। নবম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ভিক্টর ইয়োকেরেস। ডান দিক থেকে বুকায়ো সাকার নিখুঁত পাস কাজে লাগিয়ে গোল করেন এই সুইডিশ ফরোয়ার্ড।
প্রথমার্ধের শেষদিকে ব্যবধান দ্বিগুণ করেন নিজেই সাকা। ৪০ মিনিটে গোল করে আর্সেনালের লিড আরও মজবুত করেন তিনি। এরপর বিরতির ঠিক আগে আবারও গোল পেয়ে যান ইয়োকেরেস। লিয়ান্দ্রো ট্রোসার্ডের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
আরও পড়ুন :
মেসির জাদু ম্লান, ৩ গোলের লিড নিয়েও হার ইন্টার মায়ামির
দ্বিতীয়ার্ধে আরও কিছু সুযোগ তৈরি করলেও আর গোল পায়নি আর্সেনাল। তবে ৩-০ ব্যবধানের এই দাপুটে জয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান আরও শক্ত করেছে লন্ডনের ক্লাবটি।
এই ফলাফলের পর ৬ পয়েন্টের ব্যবধানে সিটির চেয়ে এগিয়ে রয়েছে আর্সেনাল। তবে ম্যানচেস্টার সিটি দুটি ম্যাচ কম খেলায় শীর্ষে ফেরার সুযোগ এখনও আছে তাদের সামনে। শিরোপা ধরে রাখতে হলে বাকি ম্যাচগুলোতে আর কোনো ভুলের সুযোগ নেই গার্দিওলার দলের জন্য।
হাফিজ/ আয়না নিউজ