সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সরাসরি হামে আক্রান্ত হয়ে দু’জন এবং বাকি চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে নতুন করে ২৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম আক্রান্ত হয়ে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সন্দেহজনক হামের লক্ষণ নিয়ে আরও ২৬৩ জন মারা গেছেন।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়, যেখানে মারা গেছেন ১২৭ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ, সেখানে মৃত্যু হয়েছে ৭১ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ১ হাজার ১৮৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ৯৮৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে ঢাকার হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ৪১৭ জন ভর্তি হয়েছেন, আর সবচেয়ে কম ভর্তি হয়েছে রংপুর বিভাগে—মাত্র ৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৯৭৯ জনে। এদের মধ্যে ৫ হাজার ৭২৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় টিকাদান নিশ্চিত করার আহবান জানিয়েছেন।
হাফিজ/ আয়না নিউজ