যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। বিশ্বকাপকে সামনে রেখে এবার ফিফার কাছে সম্মানজনক পরিবেশ নিশ্চিতের দাবি জানাবেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ। দাবি না রাখলে বিশ্বকাপ বয়কটের পথে হাঁটবে ইরান।
বুধবার তেহরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে এক সাক্ষাৎকারে তাজ বলেন,ফিফাকে আমাদের প্রত্যাশার কথা জানাব। তারা যদি সেগুলোর সমাধান করতে পারে, তাহলে অবশ্যই আমরা অংশ নেব। কিন্তু যদি কোনো নিশ্চয়তা না থাকে, তাহলে আমরা ভিন্ন সিদ্ধান্ত নিতে পারি।’
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে অতীত সম্পর্ক থাকার কারণে সম্প্রতি সহআয়োজক কানাডা তাজকে প্রবেশের অনুমতি দেয়নি। যুক্তরাষ্ট্র ও কানাডা দুই দেশই আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।
আরও পড়ুন-
টেস্ট মিশনে শান্তর লক্ষ্য ভালো খেলা
বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, ‘ইরান জাতীয় দল যুক্তরাষ্ট্রে ভ্রমণে না, তারা বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। তাই প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা ও পরিবেশ নিশ্চিত করে রাজনৈতিক বিবেচনা বা উদ্দেশ্যকে গুরুত্ব না দিয়ে দেশগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসা দিতে হবে।’
ইরানের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হয়ে গেছে অনিশ্চয়তার মাঝেও। চলতি সপ্তাহেই ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান কোচ আমির ঘালেনোই। জি’ গ্রুপে পড়া এশিয়ার দলটি তুরস্কে অনুশীলন ক্যাম্প শেষে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরান বিশ্বকাপ অভিযান শুরু করবে। একই ভেন্যুতে ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে এবং ২৬ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিসরের বিপক্ষে মাঠে নামবে ইরান।
এফ এ/আয়না