| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ

  • আপডেট টাইম: 08-05-2026 ইং
  • 8869 বার পঠিত
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ

আজ ২৫ বৈশাখ,  বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী। বিশ্বজনীন বাঙালি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের অনন্য নায়ক। তিনি বাঙালির আত্মিক মুক্তি ও সার্বিক স্বনির্ভরতার প্রতীক। 

১২৬৮ বঙ্গাব্দের এই দিনে কোলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন বিশ্বকবি। বাংলা ভাষা, সাহিত্য ও সংগীতকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার অবদান অনন্য।

রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা ছিলেন ব্রাহ্মধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদাসুন্দরী দেবী। শৈশব থেকেই সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন তিনি। মাত্র আট বছর বয়সে কবিতা লেখা শুরু করেন রবীন্দ্রনাথ। সাহিত্য, সংগীত, নাটক, দর্শন ও শিক্ষাচিন্তায় তার সৃষ্টিশীল প্রতিভা আজও সমানভাবে আলো ছড়াচ্ছে।

১৮৯১ সালে পারিবারিক জমিদারি তদারকির দায়িত্ব নিয়ে তিনি নদীয়া, পাবনা, রাজশাহী ও ওড়িশার বিভিন্ন অঞ্চলে সময় কাটান। বিশেষ করে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে অবস্থানকালে রচনা করেন বহু কালজয়ী সাহিত্যকর্ম। পরে ১৯০১ সালে তিনি শান্তিনিকেতনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং সেখানে গড়ে তোলেন বিশ্বভারতী।

তার জীবদ্দশায় প্রকাশিত হয় ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধগ্রন্থসহ অসংখ্য ছোটগল্প ও গান। ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন তিনি। তিনিই প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত হন।

রবীন্দ্রনাথের সাহিত্যজগৎ ছিল মানবতা, প্রেম, প্রকৃতি, সমাজচেতনা ও স্বদেশপ্রেমে সমৃদ্ধ। তার সৃষ্টি ‘চারুলতা’, ‘বিনোদিনী’ কিংবা ‘গোরা’র মতো চরিত্র আজও পাঠকের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়। বাংলা সংস্কৃতির প্রতিটি পরতে পরতে মিশে আছে তার সৃষ্টির ঔজ্জ্বল্য।

বিশ্বকবির জন্মজয়ন্তী উপলক্ষে দেশজুড়ে নানা আয়োজন করা হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি উদ্যোগে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রবীন্দ্রসংগীত পরিবেশনা ও নাট্য মঞ্চায়নের।

এদিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সম্প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা। সকাল ৯টায় শিশুতোষ অনুষ্ঠান, সকাল ১০টা ৫ মিনিটে ‘গীতবিতান’, সন্ধ্যা ৬টায় কবিতা আবৃত্তি এবং রাত ৯টায় রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নাটক ‘সম্পত্তি সমর্পণ’ প্রচার করা হবে। এছাড়া রাত ১০টায় বিশেষ রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান এবং রাত ১১টায় সম্প্রচারিত হবে নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪