গত এপ্রিল মাসে সারাদেশে ৫২৭টি সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত এবং ১ হাজার ২৬৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির প্রকাশিত মাসিক দুর্ঘটনা প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। নৌপথে ৫টি দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং ১ হাজার ২৭৯ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। সেখানে ১৩৫টি দুর্ঘটনায় ১৩৭ জন নিহত এবং ২৬৩ জন আহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে, যেখানে ১৭টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছেন।
সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো প্রতিবেদনে বলা হয়, গণমাধ্যম পর্যবেক্ষণের ভিত্তিতে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে প্রকৃত হতাহত আরও বেশি হতে পারে, যা অনেক সময় সংবাদপত্রে প্রকাশ পায় না।
দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চালক, পথচারী, শিক্ষার্থী, নারী-শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।
প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ফিটনেসবিহীন ও অদক্ষ চালক, ট্রাফিক আইন অমান্য, উল্টো পথে যান চলাচল, সড়ক অবকাঠামোর দুর্বলতা, রোড সাইন ও আলোর অভাব, অতিরিক্ত গতি ও অতিরিক্ত যাত্রী বহনকে দায়ী করা হয়েছে।
দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থা, দক্ষ চালক তৈরির উদ্যোগ, ফিটনেস ও লাইসেন্সিং ব্যবস্থা সংস্কার, সড়ক অবকাঠামো উন্নয়ন এবং পরিবহন খাতে সুশাসন প্রতিষ্ঠার সুপারিশ করেছে সংগঠনটি।
হাফিজ/ আয়না নিউজ