| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, টানা পাঁচদিন বৃষ্টিপাতের সম্ভাবনা

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 734 বার পঠিত
চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, টানা পাঁচদিন বৃষ্টিপাতের সম্ভাবনা

দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে টানা কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৩ মে) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে চার বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টিপাত হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (১৪ মে) থেকে শনিবার (১৬ মে) পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির কারণে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

রোববার (১৭ মে) থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, লঘুচাপটি আরও শক্তিশালী হলে দেশের উত্তরাঞ্চল ও পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে। এ কারণে নদীবিধৌত ও পাহাড়ি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪