ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।
বুধবার (১৩ মে) বিকেলে সচিবালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নতুন এ মূল্য তালিকা ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা মহানগরের ভেতরে লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে এ দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা। গত বছর ঢাকায় গরুর চামড়ার দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা।
এছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করেছে সরকার।
প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির পশুর চামড়া যেন অযত্নে নষ্ট না হয়, সেজন্য জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠ পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় লবণ সরবরাহ করা হবে। ইতোমধ্যে চামড়া সংরক্ষণ বিষয়ে মাংস ব্যবসায়ী ও বিভিন্ন মাদ্রাসা সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তিনি জানান, প্রশিক্ষণ কার্যক্রম ও সারাদেশে লবণ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রায় ২০ কোটি টাকা ব্যয় হবে।
দেশীয় চামড়া শিল্প রক্ষা এবং অবৈধ পাচার ঠেকাতে কঠোর নজরদারির কথাও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের চামড়া সংগ্রহ ও সংরক্ষণে কোনো ধরনের অব্যবস্থাপনা না হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ