| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একনেকে অনুমোদন পেল ৩৩ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 791 বার পঠিত
একনেকে অনুমোদন পেল ৩৩ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প

অবশেষে বহু প্রতীক্ষিত পদ্মা ব্যারাজ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বুধবার (১৩ মে) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা। এটি বাস্তবায়নের মাধ্যমে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে স্বাদু পানির প্রবাহ ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ মেয়াদে বাস্তবায়ন করা হবে।

সভাসূত্রে জানা যায়, একনেক সভায় মোট ১৬টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে ১১ নম্বর কার্যতালিকায় ছিল পদ্মা ব্যারাজ প্রকল্প, যা পরে চূড়ান্ত অনুমোদন পায়।

প্রকল্প বাস্তবায়নের আওতায় পদ্মা নদীতে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতি, চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতী—এই পাঁচটি নদী ব্যবস্থার পুনরুদ্ধারের পরিকল্পনাও রয়েছে।

প্রথম ধাপে গড়াই-মধুমতী নদী (১৩৫.৬ কিলোমিটার) এবং হিসনা নদী ব্যবস্থার (২৪৬.৪৬ কিলোমিটার) ড্রেজিং ও পুনঃখননের কাজ করা হবে। একই সঙ্গে ১৫টি স্পিলওয়ে, গড়াই অফ-টেক, ফিশ পাস, নেভিগেশন লক এবং ৩৬.৬ মেগাওয়াট ক্ষমতার জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এছাড়া চন্দনা অফ-টেকে চারটি স্পিলওয়ে, হিসনা অফ-টেকে পাঁচটি স্পিলওয়ে এবং ১৮০ কিলোমিটার দীর্ঘ অ্যাফ্লাক্স বাঁধ নির্মাণ করা হবে।

প্রকল্পের প্রথম ধাপ বাস্তবায়িত হলে খুলনা, ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের অন্তত ১৯টি জেলা ও ১২০টি উপজেলা সরাসরি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় ধাপে অতিরিক্ত সহায়ক অবকাঠামো নির্মাণসহ অন্যান্য নদী ব্যবস্থার পুনরুদ্ধার কাজ সম্পন্ন করা হবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের পানিসংকট নিরসনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪